চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০১:৩৬ পিএম
চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাতে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক খোরশেদ আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা এবং মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশী ওই শিশুকে কৌশলে ডেকে নেন খোরশেদ আলম। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত খোরশেদ আলম ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

গতকাল শুক্রবার রাতে বিষয়টি স্থানীয় জানাজানি হলে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে থানা হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে তথ্য পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর