ঈদুল আজহাকে সামনে রেখে রাসিকের পরিচ্ছন্নতা সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:২৪ পিএম
ঈদুল আজহাকে সামনে রেখে রাসিকের পরিচ্ছন্নতা সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, ঈদুল আজহা সামনে রেখে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর সুনাম আরও বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে নাগরিকসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।

প্রশাসক আরও বলেন, মশক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, ফগার স্প্রে কার্যক্রম, কোরবানির বর্জ্য সংগ্রহে ব্যাগ সরবরাহ এবং ওয়ার্ডভিত্তিক সড়কবাতি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। এছাড়া বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় উপস্থিত ছিলেন সচিব মো. সোহেল রানা।

সভায় ৩০টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, মশক সুপারভাইজার, কেন্দ্রীয় সুপারভাইজার ও পরিদর্শকরা অংশ নেন।

এএন