পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মীসহ ১০ জন গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৪৭ পিএম
পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মীসহ ১০ জন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুইজনের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে শুক্রবার ও শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভাটিখাইন ইউনিয়নের করল এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে অভিযান চালিয়ে আবদুল মাবুদ (৫০) নামের এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে কুতুব উদ্দিন (৩৫) নামের আরেকজনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জোবায়ের ইবনে আলম হামীম (২০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ২ জন জিআর পরোয়ানাভুক্ত ও ৩ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরোনো চুরি মামলার আরও ২ জন আসামিকেও আটক করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এএন