চট্টগ্রামের পটিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে গুরুতর জখম হওয়া এক ব্যবসায়ীর ছয় দিন পর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কাসেম (৫৫)। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী এবং আয়ুব আলীর ছেলে।
সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাকে বাধা দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে আবুল কাসেম মারা যান। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২২/৯৮)।
নিহতের ছোট ভাই আবুল ফয়েজ অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং অভিযুক্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে আগেও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আগের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন