ফার্মেসিতে বসে ভুয়া চিকিৎসা, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:২০ পিএম
ফার্মেসিতে বসে ভুয়া চিকিৎসা, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া চিকিৎসা সেবা প্রদান, অনুমোদনহীন ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযানে সবচেয়ে গুরুতর অনিয়ম ধরা পড়ে নিউ মা ফার্মেসিতে। সেখানে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ফার্মেসিতে বসে রোগী দেখছিলেন। তিনি হাড়ভাঙা এক রোগীর প্লাস্টার করেন এবং বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির ঘটনাও ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রোগীর কাছ থেকে প্লাস্টার ও ওষুধ বাবদ নেওয়া ২ হাজার ৭০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুত করার দায়ে কাশ্মিরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মিষ্টিতে পোকা পাওয়া এবং যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় কৃষ্ট ক্যাফে নামে মিষ্টির দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অভিযুক্তরা তাৎক্ষণিক পরিশোধ করেন।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এএন