দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধ ১০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:৩৩ পিএম
দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধ ১০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গভীর রাতে দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের শরীরের বিভিন্ন স্থানে পিস্তল ও শর্টগানের গুলি লেগে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) এবং তার পিতা মো. হাফেজ প্রামানিক (৭০)।

গুলিবিদ্ধ অন্যান্যদের মধ্যে রয়েছেন সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা ব্রাশফায়ার ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনার পেছনে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুষ্কৃতীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন