টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু উত্তোলনের দায়ে এক অসাধু মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার রশিদ দেওহাটা–তেলিপাড়া সরকারি বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করে এই রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবীব।
জরিমানাপ্রাপ্ত হলেন মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামের নূরুল হকের ছেলে সোহাগ মিয়া (৩০)।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা–তেলিপাড়া এলাকায় সরকারি বালু ভেকু মেশিন দিয়ে উত্তোলন করছিল অসাধু ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন এবং মাটি ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৪ লাখ টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবীব বলেন, অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি জমিতে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন