গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:২৫ পিএম
গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিএসটিআই গাজীপুর অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই গাজীপুর অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, বিএসটিআই লাইসেন্স ছাড়াই ‘পাপিয়া আইসক্রিম’ ও ‘মুসলিম বরফ কল’ নামক প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে পণ্য উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠান দুটির নোংরা পরিবেশ ও লাইসেন্সহীন কার্যক্রমের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী পাপিয়া আইসক্রিম কারখানাকে ৭৫ হাজার টাকা এবং মুসলিম বরফ কলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ এবং মো. তাশরীফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে বিএসটিআই গাজীপুর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর