দিনাজপুরে সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ফেস্টুন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত ক্রীড়াবান্ধব। শিশুদের ক্রীড়া শিক্ষায় দক্ষ করে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শরীরচর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন