লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০৪ পিএম
লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকা থেকে অপহরণের শিকার ৬ জন রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার দিন-রাতব্যাপী নিবিড় তল্লাশি অভিযানের পর তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে শ্রমিকরা অপহরণের শিকার হলে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। সেনাবাহিনীর কঠোর অবস্থান ও নিবিড় অনুসন্ধান টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোটার পর সেনাবাহিনীর টহল দল তাদের খুঁজে পায় এবং উদ্ধার করে।

উদ্ধারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে বিস্তারিত অবহিত করা হয়েছে। শ্রমিকদের ফিরে পাওয়ায় তাদের পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

জেএইচআর