রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত সূচকের ভিত্তিতে ১২৩টি উপজেলার পারফরম্যান্স মূল্যায়নে এ কৃতিত্ব অর্জন করে উপজেলাটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের হার, তথ্যের সঠিকতা, অনলাইন সিস্টেমে তথ্য হালনাগাদের দক্ষতা, নাগরিক সেবার গতি এবং প্রশাসনিক তদারকি ও স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হয়। এসব সূচকে সন্তোষজনক অগ্রগতি অর্জনের ফলেই বালিয়াকান্দি এ সাফল্য লাভ করে।
এ অর্জনে উপজেলাজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাদের মতে, উপজেলা প্রশাসনের দক্ষ নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সমন্বিত প্রচেষ্টার ফলেই এ গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ ডিজিটাল ও সময়োপযোগী করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম সক্রিয় রাখার ফলে নাগরিকরা দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং বালিয়াকান্দি উপজেলা দেশের অন্যান্য উপজেলার জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “এই অর্জন উপজেলার জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় চেষ্টা করেছি জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা যেন সহজ, দ্রুত ও নির্ভুলভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ, নিয়মিত তদারকি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নাগরিক সেবার মান আরও উন্নয়নে কাজ করে যাব।”
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সেবার সঙ্গে এটি সরাসরি সম্পৃক্ত।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন