ধোপাডাঙ্গায় বজ্রপাতে একসঙ্গে ঝরে গেল তিন প্রাণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১২:৪৩ পিএম
ধোপাডাঙ্গায় বজ্রপাতে একসঙ্গে ঝরে গেল তিন প্রাণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে এক হৃদয়বিদারক বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং মারা গেছে একটি গরু। মুহূর্তের এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।

রোববার বিকেল আনুমানিক চারটার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। একই ঘটনায় আহত হয়েছেন শামীম (১৮), আব্দুল হাই মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বজ্রসহ বৃষ্টি। এ সময় ফুয়াদ, রাফি ও মিজান বাড়ির পাশে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎই প্রচণ্ড বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানে। মুহূর্তেই ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পাশেই থাকা একটি গরুও মারা যায়।

এ অপ্রত্যাশিত ও নির্মম ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান এবং শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ান।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মণ্ডল বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একই গ্রামের তিনজন তরুণের এমন আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। পুরো এলাকায় এখন শুধুই কান্না আর শূন্যতা।”

এএন