ভোলায় মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মোবাশ্বিরুল হক হক নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজাহারুল হক এবং ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেন, “শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি ইবাদতের মতো মহান দায়িত্ব। শিক্ষকরা যদি আন্তরিকতা, পরিকল্পনা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষাদান করেন, তবে মাদ্রাসা শিক্ষার মান অবশ্যই উন্নত হবে।” তিনি আরও বলেন, প্রতিটি ক্লাসে পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা চিহ্নিতকরণ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজন অনুযায়ী হোম ভিজিট শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে, যেসব শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন করতে পারে না, তাদের জন্য পরবর্তীতে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে প্রধান অতিথি ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় পঞ্চম ও অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আইয়ুব আলী, মাওলানা মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. আমির হোসাইন, মাওলানা মো. সালাউদ্দিন, মাওলানা মো. আব্দুর রহমান, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা মো. মহিউদ্দিন, মাওলানা হাসান আহমেদ, মাওলানা মো. ইয়াছিনসহ আরও অনেকে।
সভায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা প্রধান অতিথির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন