রাঙ্গামাটিতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
উদ্বোধনকালে দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। নবনির্মিত এই ২৫০ শয্যা ভবনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও উন্নত হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। শুধু জেলা সদর নয়, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোকেও আধুনিকায়নের আওতায় আনা হবে।
পার্বত্য মন্ত্রী জানান, পাহাড়ের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং অতি দ্রুতই জনবল ও সরঞ্জাম সংকট নিরসন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূণ বড়ুয়া এবং সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।
এছাড়াও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা এবং হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন