বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) উদ্যোগে চুনারুঘাটে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ করা হয়েছে। একই সাথে বিজিবি সরাইল রিজিয়নের আভিযানিক কার্যক্রমের সাফল্য নিয়ে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে এই চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের সহায়তায় প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য রোগীদের বিশেষ টোকেন দেওয়া হয়।
মিডিয়া ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান সরাইল রিজিয়নের সাম্প্রতিক আভিযানিক সাফল্য তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিটগুলো বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬ জন আসামিসহ প্রায় ২৫৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি বিভিন্ন সময় অভিযান চালিয়ে পিস্তল, গ্রেনেড, ম্যাগাজিনসহ বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়া অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রায় ১ লাখ ৪৬ হাজার ঘনফুট বালু এবং ৯ হাজার ৫৯৩ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু আনা এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি আগাম সতর্কতা অবলম্বন করেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন