চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার করে এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস, ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের ৫ নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ‘চায়না ভ্যারাইটি’ নামের একটি প্রতিষ্ঠানে কোনো ধরনের খুচরা মূল্য, উৎপাদন বা মেয়াদের তারিখ ছাড়াই ক্লিনার সামগ্রী তৈরি করা হচ্ছিল। এছাড়া অন্য নামি প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করার প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিক মো. খোকন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে উদ্ধারকৃত বিভিন্ন নাম ও ঠিকানাসম্বলিত অবৈধ প্যাকেটগুলো ধ্বংস করা হয়েছে। এসময় অভিযুক্ত মালিক ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন