বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, পৌনে ৩ লাখ টাকা জরিমানা

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৫১ পিএম
বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, পৌনে ৩ লাখ টাকা জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ব্যবহার ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বান্দ রোড এলাকায় এনএসআই ও পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয় রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে।

এছাড়া নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, আল-আকসা হাসপাতালকে ৪০ হাজার এবং বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হেলথ এইট ও নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা করে এবং গেইন ডায়াগনস্টিককে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় চার ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর