জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কাশপিয়া তাসরিন।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিলের পর দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্কুল ও কলেজ জীবন কুড়িগ্রাম জেলায় সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পাঁচবিবিতে আসার আগে তিনি বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন