নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানা যায়, তেলের বৈশ্বিক সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে ডিজেল সংগ্রহ ও মজুত করা হয়েছিল। চট্টগ্রাম থেকে ১৩টি ড্রামে ভর্তি এই ডিজেল একটি পিকআপ ভ্যানে করে ঢাকা পাচার করার সময় হাতেনাতে আটক করা হয়।
অবৈধ মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন