শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শরিফুল ইসলাম,রংপুর প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৫৭ পিএম
শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মামলা সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাহিগঞ্জ চান্দুনিয়া গ্রামের রুবেল হোসেন গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে শ্বশুরবাড়িতে স্ত্রী জেসমিন খাতুনকে আনতে যান। রুবেলের সঙ্গে স্ত্রী জেসমিন ঝগড়া করে বাবার বাড়িতে চলে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এক পর্যায়ে জেসমিন ও তার ভাই মিজানুর রহমান বাঁশের লাঠি, রড এবং কাঠের টুকরো দিয়ে রুবেলকে এলোপাতাড়ি মারধর করেন। এতে রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রুবেলের মৃত্যু হয়।

এই ঘটনায় রুবেলের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদার বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রুবেলের মৃত্যুর পর থেকেই অভিযুক্ত মিজানুর ও জেসমিন এলাকা ছেড়ে গা ঢাকা দেন।

রংপুর র‍্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর সহায়তায় ২৯ এপ্রিল গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিদের র‍্যাব-১৩-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর