প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ দুটি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় মোট দুটি খাল খনন করা হচ্ছে। এর মধ্যে হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ হতে হাতিডোবা ব্রিজ পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ অন্তরার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে পৌনে ৩ কোটি টাকা। অন্যদিকে, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ চাপোড়-মছলন্দপুর খাল পুনঃখননে ব্যয় হবে পৌনে ১ কোটি টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, এই খনন কাজের মাধ্যমে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এছাড়া দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন