রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঁকনহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম শরিফ (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মো. আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর প্যান্টের পকেট থেকে একটি পলিথিনে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন