বরিশালের গৌরনদীতে সাতটি মাদক মামলার আসামি সাইদুল তালুকদারকে (৫৭) ফের ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কটকস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ওই গ্রামের মৃত সিরাজুল তালুকদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকস্থল এলাকার মইনুল ঘরামীর বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ২৮ পিস ইয়াবাসহ সাইদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত সাইদুল এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি হীরা মার্ঝির ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে এর আগেও গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।
শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন