চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সড়ক দুটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এই কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর ভোগান্তি লাঘব হবে।
তিনি আরও উল্লেখ করেন, চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা। এখানকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য সহজে বাজারে বিক্রি করতে পারবেন, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) সূত্রে জানা গেছে, নবনির্মিত সড়ক দুটির মধ্যে একটির দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। এলজিইডি কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, উভয় সড়কের পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন