টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে পেট্রোল-অকটেন বেশি দামে বিক্রি করায় এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে টাঙ্গাইলের ভোক্তা অধিকার।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি জব্দ করা পেট্রোল ও অকটেন স্থানীয় মোটরসাইকেল আরোহীদের নিকট সরকারি মূল্যে বিক্রি করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সিএনজি অফিসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬০ লিটার পেট্রোল ও ৪০ লিটার অকটেনসহ মোট ১০০ লিটার তেল পাওয়া যায়।
এ সময় ওই তেলের মালিক স্থানীয় সিএনজি স্টেশন মাস্টার আনিসকে প্রশাসনিকভাবে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত ১০০ লিটার তেল সরকারি দামে স্থানীয় মোটরসাইকেল আরোহীদের নিকট বিক্রি করা হয়।
টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সিএনজি স্টেশন মাস্টার আনিস দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল-অকটেন সংগ্রহ করে কৃত্রিম সংকটের অজুহাতে প্রতি লিটার ২৫০-৩০০ টাকায় বিক্রি করে আসছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন