বরিশালে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলে উচ্ছ্বাস

আরিফ হোসেন, বরিশাল প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:০৮ পিএম
বরিশালে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলে উচ্ছ্বাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২ মে সারাদেশের সঙ্গে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এ ঘোষণাকে কেন্দ্র করে ২ মে শনিবার গভীর রাত থেকে বরিশালের শিক্ষার্থী ও তরুণদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে সদ্য বরিশাল জেলা ও মহানগরসহ সারাদেশে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এবার কমিটিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে বিগত দিনে দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার ত্যাগী কর্মীদের বলে জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার খবর পেয়েই নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গভীর রাতেই বরিশাল নগরীতে মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিল বের করেন।

শুধু তাই নয়, নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

বরিশাল মহানগর ছাত্রদলকে গতিশীল করতে নবগঠিত কমিটির নেতৃত্বের অগ্রভাগে রাখা হয়েছে রাজপথের তিন ছাত্রনেতাকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান তাসনিম।

সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. নাভিদ রহমান খান (তুষার), যিনি তৃণমূল কর্মীদের কাছে জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহমুদ হাসান তানজিলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন- আহাদ হোসাইন আবির, মাজহারুল ইসলাম মনিস, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব (ববি), আল আমিন হাসান, মো. রাকিব তালুকদার।

অন্যদিকে বরিশাল জেলা ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়েছে তৌফিকুল ইসলাম ইমরানের কাঁধে। তাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

সদস্য সচিব মনোনীত হয়েছেন মো. আল আমীন মৃধা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আসিফ আল মামুন।

জেলা কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- আব্দুল কাদের মোল্লা, মো. ইমরান আহমেদ (ইব্রাহিম), মো. জাহিদুল ইসলাম পিন্টু, জাহিদ সাকিন (ববি), মহসিন শিকদার, আরিফ হোসেন (ববি), মো. ইমতিয়াজ চৌধুরী, মো. রফিকুল ইসলাম (রফিক মৃধা) এবং সৈয়দ মাহমুদ হাসান।

নবগঠিত বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম মোবাইল ফোনে জানান, দলের নির্দেশনায় ছাত্রদলকে আরও সক্রিয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা হবে। একইসঙ্গে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সদস্য সচিব নাভিদ রহমান খান তুষার বলেন, “দলনেতা তারেক রহমান রাজপথের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করেছেন। এই কমিটি রাজপথের ঘাম ও রক্তের ফসল। মহানগর ছাত্রদলকে এমনভাবে গড়ে তোলা হবে, যা আগামী দিনে যেকোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দুর্গ হিসেবে কাজ করবে।”

জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, বরিশাল জেলা ছাত্রদলের প্রতিটি কর্মী আজ আনন্দিত। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব। ত্যাগীদের মূল্যায়নে তৃণমূল আজ উজ্জীবিত।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রোববার সকাল থেকে বরিশালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন।

নগরীর প্রতিটি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন।

মিছিল ও পথসভায় নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনেকে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে গঠিত হয় বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি। টানা ৭ বছর দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ১৯ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন দুই কমিটির নেতারা।

এএন