পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা চুরি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:১১ পিএম
পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা চুরি

গাজীপুরে পূবাইলের মেঘডুবী এলাকায় গেল ডিসেম্বর মাসের ২৫ তারিখ নিজ কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন হন মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন।

চার মাসেও এখনো সনাক্ত হয়নি সেই হত্যাকাণ্ডের কোনো আসামি। থানা পুলিশের তদন্ত শেষে সেই মামলা এখন পিবিআই-এর হাতে। গাজীপুর জেলা পিবিআই-এর এএসপি ও আলতাব হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সনাক্তকরণের চেষ্টা চলছে।

এদিকে আলতাবের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়ি ছেড়ে তার বড় ভাই সবুজের বাড়িতে রাত্রিযাপন করতে থাকেন, আবার সকাল হলে ফিরে আসেন নিজ বাড়িতে।

আলতাব হত্যাকাণ্ডের সেই শোক কাটতে না কাটতেই গতকাল সোমবার রাতে আলতাবের বাড়িতে হানা দেয় চোর চক্রের সদস্যরা।

বাসায় কেউ না থাকার সুযোগে চোর চক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল, এক ভরি রুপা সহ নগদ অর্থসহ নানান প্রয়োজনীয় জিনিসপত্র, লণ্ডভণ্ড করে রেখে যায় আসবাবপত্র।

চার মাসের ব্যবধানে একটি পরিবারে পরপর দুইটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এএন