চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানে অংশগ্রহণকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সবার বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শরিফ হোসেন ও আরিফ হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, মির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং আলমগীর হোসেন ও সিউলি বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান এবং উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের মাদক সেবনরত ও মাদক কারবারে জড়িত অবস্থায় পাওয়া যায়। এ সময় ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন