ভোলার চরফ্যাশনে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির বহিষ্কৃত এক নেতার করা এই মামলাকে তারা ‘উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ বলে দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপির সাবেক এক নেতা প্রথমে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং পরবর্তীতে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রতিশোধমূলকভাবে মামলাটি দায়ের করা হয়।
সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের মামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করে এবং সত্য প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা সতর্ক করে বলেন, হয়রানিমূলক মামলা অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের মামলা দ্রুত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল মামলাটি আদালতে গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন