নাটোরের গুরুদাসপুরে ভোরে পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার ভোর ৪টার দিকে পৌর সদরের খামারনাচকৈড় সরকারি জোহা কলেজের সামনে ও রোকেয়া মোড় এলাকায় একই কায়দায় এই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভ্যানযোগে নয়াবাজার হাটে রসুন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন চাঁচকৈড় তালুকদার পাড়ার আনছু প্রামাণিক ও জাহের শাহ। জোহা কলেজের সামনে পৌঁছালে মুখে গামছা পেঁচানো একদল ছিনতাইকারী চাপাতি ঠেকিয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
একই স্থানে ছিনতাইয়ের শিকার হন চাঁচকৈড় মধ্যমপাড়া মসজিদের ইমাম মো. মোবিদুল ইসলাম মুবিন। ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে তাঁর কাছ থেকেও টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়। এছাড়া ফজরের নামাজের পর রোকেয়া মোড় এলাকায় হাঁটতে বের হওয়া এক নারীর গলায় চাপাতি ঠেকিয়ে তাঁর স্বর্ণের চেইন নিয়ে যায় দুর্বৃত্তরা।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত কয়েক দিনে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ছয়টি গরু চুরি, শিক্ষকদের কাফনের কাপড় পাঠানো, পুলিশের এক এসআই-এর ওপর ছিনতাই এবং সরকারি কোয়ার্টারে হাত-পা বেঁধে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। এসব ধারাবাহিক ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ মে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “পুলিশ নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং মাঠে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।”
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন