পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:০৫ পিএম
পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় খাদ্যজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ফুলকলি ফুড প্রোডাক্ট ফ্যাক্টরি’কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত ফ্যাক্টরিটিতে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানকালে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং ভোক্তা অধিকার বিভাগের কর্মকর্তারা ফ্যাক্টরি পরিদর্শন করেন। এসময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা, জঙ্গলখাইন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, পরিদর্শনকালে দেখা যায় খাদ্যজাত পণ্য প্রস্তুতের সময় সেখানে মাছি উড়ছে। এছাড়া ব্যবহৃত আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারকের নাম দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ফুলকলি ফ্যাক্টরির পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে দীর্ঘ দিন ধরে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং কৃষি চাষাবাদ ব্যাহত হচ্ছে। জনগণের দাবির মুখে দুই মাস আগে তাঁদের সতর্ক করা হয়েছিল। তাঁরা সমস্যা সমাধানে ১৫ জুন পর্যন্ত পুনরায় সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে পানি দূষণমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার যেমন ব্যবসায়ীবান্ধব, তেমনি জনগণের স্বার্থ রক্ষায়ও প্রতিশ্রুতিবদ্ধ। অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেএইচআর