রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:০৪ এএম
রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে এডিটরস ফোরামের নেতৃবৃন্দ নগরীর টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্পকারখানা চালু, যানজট নিরসন, আইটি সেক্টরের উন্নয়ন এবং কৃষিপণ্যভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক স্থানীয় পত্রিকার সম্পাদকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া রাজশাহীর সার্বিক উন্নয়নে রাজশাহী এডিটরস ফোরামের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সঙ্গে দায়িত্ব প্রদান করেছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী নগরীকে আরও সবুজ, সুন্দর ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে চাই। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প হিসেবে ১০ দিনব্যাপী ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নগরীর খানাখন্দযুক্ত সড়কসমূহ চিহ্নিত করে মেরামতকাজ শুরু হয়েছে। সুন্দর নগরীকে আরও উন্নত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।”

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

এএন