বাগেরহাটে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ১১:৫০ এএম
বাগেরহাটে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মুজাহিদ মোল্লা (৪০) নামে এক স্থানীয় দোকানদার ও জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে এবং স্থানীয়ভাবে ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ দোকানের সামনে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামের এক ব্যক্তি দোকান থেকে একটি পানীয় কেনেন। পানীয়টির মান নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাইজিদ ইজারাদার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদ মোল্লার গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে আটক করে।

হিজলা ইউনিয়ন জামায়াতের আমির সোহেল শেখ বলেন, “এটি একটি নৃশংস ঘটনা। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

এএন