‘আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ‘আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে বর্ষাকালে খাদ্যের চাহিদা মেটাতে সাইলেজ তৈরি, কমপ্লিট মিল্কিং এবং খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সঠিক সময়ে টিকা প্রদান এবং উন্নত জাতের গবাদিপশু নির্বাচন নিশ্চিত করা গেলে দেশে গুণগত মানসম্পন্ন দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের দুগ্ধ শিল্প আরও উন্নত ও টেকসই হবে।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার।
বক্তারা খামারিদের ‘মডেল ফার্ম’ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ করে গাভী বেঁধে না রেখে উন্মুক্ত স্থানে পালন এবং ২৪ ঘণ্টা পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন ব্র্যাক ডেইরির লাইভস্টক সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া ও ভেটেরিনারি সার্জন ডা. মো. কবিরুল হক।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিরা এই উদ্যোগকে সময়োপযোগী বলে প্রশংসা করেন। তারা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত খামার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্র্যাক ডেইরির সঙ্গে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি দেন। এরিয়া ম্যানেজার মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষি উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন