পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৩৪ পিএম
পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালানসহ মানব পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে।

সীমান্তের চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সীমান্ত সুরক্ষায় কাজ করছেন। কোনোভাবেই যাতে দেশের অভ্যন্তরে অবৈধ প্রবেশ ঘটতে না পারে, সে জন্য জিরো পয়েন্টসহ স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির অবস্থান আরও সুসংহত করা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জেএইচআর