চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, নার্স সিন্ডিকেট এবং ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ তদন্তে মাঠে নেমেছে প্রশাসন।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবায় নানা অসঙ্গতি ও অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। তিনি সরাসরি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন। এ সময় অনেক রোগী চিকিৎসাসেবা নিয়ে তাদের অসন্তোষ ও ভোগান্তির কথা এমপির কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি এনামুল হক এনাম বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নার্স সিন্ডিকেট ও দালালচক্রের বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি কিংবা প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করার মতো ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত টিম গঠন করা হয়েছে।
প্রথম টিম: ডেলিভারি রোগীদের ক্লিনিকে পাঠানো এবং নার্স সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখবে।
দ্বিতীয় টিম: হাসপাতালের সামগ্রিক অব্যবস্থাপনা ও দালালচক্রের তৎপরতা পর্যবেক্ষণ করবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিগুলো ইতোমধ্যে নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের কাজ শুরু করেছে। পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন