ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণের জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ের চলমান পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষার আগের রাতে অনলাইনে এবং বিদ্যালয়ের প্রবেশদ্বারে নোটিশ দিয়ে হঠাৎ করেই প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে পরীক্ষা স্থগিতের খবর না জেনে অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্কুলে গিয়ে ফিরে যেতে বাধ্য হন।
বিদ্যালয়ের ৬ জন শিক্ষক উপস্থিত থাকলেও পরীক্ষা গ্রহণ করা হয়নি। প্রায় ৩০ জন শিক্ষার্থী কেন্দ্রে এসে ফিরে যায়। রমজানের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নির্দেশনায় জেলার অন্য সব স্কুলে পরীক্ষা চললেও কেবল এই স্কুলেই তা বন্ধ রাখা হয়। স্থগিত হওয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি স্কুল কর্তৃপক্ষ।
ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আমিন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই ক্যাম্পাসে হাই স্কুল থাকায় আগে থেকেই ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। অন্যদিকে, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন।
ব্যবসায়ী সমিতির ভোটের জন্য কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করায় সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। এই বিষয়ে বক্তব্য জানতে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। সচেতন মহল মনে করছেন, একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচনের জন্য রাষ্ট্রীয় শিক্ষাসূচি পরিবর্তন করা প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন