ফেনীর একটি আদালতে মামলার শুনানি চলাকালে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা নামে এক বিচারপ্রার্থী নারী।
রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এই নজিরবিহীন ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালে মোহনা প্রেম করে ফুলগাজী উপজেলার চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে দেনমোহর ও কাবিন আদায়ের মামলা করেন মোহনা।
রোববার ছিল সেই মামলার নির্ধারিত শুনানির দিন। শুনানি শেষে আদালত মোহনার স্বামীকে জামিন প্রদানের আদেশ দেন। জামিনের এই আদেশ শোনার পরপরই ক্ষোভ ও হতাশায় মোহনা তাঁর সঙ্গে থাকা বিষ পান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন আদেশের পর মোহনা ছটফট করতে থাকলে এজলাসে উপস্থিত আইনজীবী ও পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে মোহনাকে আনা হয়েছিল। তৎক্ষণাৎ তাঁর পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই এজলাসে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালীন হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
কেন এবং কীভাবে তিনি আদালতের ভেতরে বিষ নিয়ে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মোহনা ফেনী শহরের রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং তাঁর স্বামী আকবর হোসেনের বাড়ি ফুলগাজীর পল্লী বিদ্যুৎ এলাকায়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন