গাইবান্ধার সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর প্রামাণিক পাইকা গ্রামের মৃত হায়দার প্রামাণিকের ছেলে। তিনি খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের যন্ত্র (থ্রাশার মেশিন) চালু করার প্রস্তুতি নিচ্ছিলেন জাফর প্রামাণিক। এসময় মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন