গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
রোববার পরিচালিত এই অভিযানে প্রায় ১২০ মণ মাছ জব্দ করা হয় এবং এক খামারিকে বড় অংকের অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গাছা এলাকার মোক্তার বাড়ি রোডে এই অভিযান পরিচালনা করেন গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। অভিযানকালে দেখা যায়, বেশ কিছু মজা পুকুরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও দূষিত কালো পানিতে এই নিষিদ্ধ মাছ চাষ করা হচ্ছিল। আরও ভয়ংকর তথ্য হলো, মাছের খাদ্য হিসেবে সেখানে মরা মুরগির দেহাংশ ও পচা নাড়ি-ভুঁড়ি ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে এই মাছের খামারের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন। তাঁদের অভিযোগ, এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুরা প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ জব্দ করার পাশাপাশি কবির হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে গাজীপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সামা প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত ১২০ মণ আফ্রিকান মাগুর মাছ এবং খামারে ব্যবহৃত অন্যান্য সামগ্রী বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ ও ক্ষতিকর মাছ চাষ বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন