গোলাম পরওয়ার

গণভোটের রায় অমান্য করলে নতুন সংকট সৃষ্টি হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:৫৫ এএম
গণভোটের রায় অমান্য করলে নতুন সংকট সৃষ্টি হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। পাঁচ কোটি মানুষের গণভোটের রায় অস্বীকার করলে দেশে নতুন সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে যারা কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

রোববার বিকেলে নগরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলরুমে আয়োজিত ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএনপির পক্ষে সালাউদ্দিন আহমদ জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীও বিভিন্ন স্থানে একই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের চেতনা নিজেদের ব্যাখ্যায় বাস্তবায়ন করতে চায়। দলটি জুলাই সনদের ১০টি বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, যা ভবিষ্যতে স্বৈরাচার প্রতিষ্ঠার হাতিয়ার হতে পারে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গণভোটে অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ মানুষ এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্যদের হাতে। ভুল সিদ্ধান্ত নিলে তার দায়ও সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

এম জি