ঈশ্বরগঞ্জে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:২৭ পিএম
ঈশ্বরগঞ্জে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আটক ও হয়রানির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঈশ্বরগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেলে দালালবিরোধী অভিযানে পুলিশ ও এনএসআই বেশ কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক করে। তাঁদের দালাল আখ্যা দিয়ে হয়রানি করার ঘটনায় সারা দেশের প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের দাবি, তাঁরা পেশাদারিত্বের সাথে স্বাস্থ্যখাতে কাজ করেন, তাঁরা কোনোভাবেই দালাল নন।

বক্তারা আরও জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়াই তাঁদের কাজ। অথচ হাসপাতালে তাঁদের অবাধ প্রবেশে বাধা এবং প্রশাসনের এমন হয়রানি তাঁদের কর্মপরিবেশকে অনিরাপদ করে তুলছে। তাঁরা এই পেশার সামাজিক মর্যাদা রক্ষা ও হয়রানি বন্ধের জোর দাবি জানান।

কর্মসূচিতে ঈশ্বরগঞ্জ উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এ সময় ফারিয়ার সদস্যরা নানা দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে আটককৃতদের মুক্তি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

জেএইচআর