নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে নানামুখী অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনসারীর ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, মাহিদ আহমেদ আনসারী এলাকায় একজন কর্মীবান্ধব ও অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি মাদক, চুরি ও ছিনতাইসহ সব ধরণের সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। সম্প্রতি পারলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অপকর্মের প্রতিবাদ করায় একটি পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়। সেই ঘটনার জের ধরে একটি মহল আনসারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা মামলা ও নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সহিদ উদ্দিন, আব্দুল মতিন, যুবদল নেতা সাজন মিয়া ও মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তারসহ আরও অনেকে। তাঁরা অভিযোগ করেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে পুঁজি করে আনসারীকে ফাঁসানোর চেষ্টা চলছে। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে ইউনিয়ন যুবদলের রফিকুল ইসলাম মিটু, শ্রমিক দলের লিটন সরকার এবং গ্রাম কমিটির সভাপতি আনোয়ার হোসেনসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তাঁরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন