পীরগঞ্জে সীমানার বাইরে বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:২৩ পিএম
পীরগঞ্জে সীমানার বাইরে বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘মমিন ট্রেডার্স’ নামে এক ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন. এম. ইশফাকুল কবীর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, ইজারাদার মোশাররফ হোসেন নির্ধারিত বালু মহালের পরিবর্তে অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছিল। এতে আশেপাশের ফসলি জমি, বসতবাড়ি এবং পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর