ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:১৫ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কুখ্যাত ডাকাত শফিক মিয়া ওরফে চোরা শফিক এবং তার বাহিনীর হামলায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার ১১ মে বিকেল ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে তথ্য সংগ্রহে গেলে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী। আহত র‌্যাব সদস্যরা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, খাগাতুয়া গ্রামের কুখ্যাত ডাকাত শফিক মিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে র‌্যাবের গোয়েন্দা শাখার তিন সদস্য সিভিল পোশাকে ওই এলাকায় যান। পরে বিষয়টি টের পেয়ে শফিক ও তার সহযোগীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের কুপিয়ে আহত করে। পরে তাদের একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়।

খবর পেয়ে র‌্যাবের আরেকটি গোয়েন্দা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

র‌্যাব-৯ এর কমান্ডার মো. নুরুন্নবী বলেন, আমি তো ঘটনাটি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাবের গোয়েন্দা সংস্থার তিন সদস্যের ওপর এমন হামলা হবে, এটি ভাবতেই পারছি না। ঘটনার খবর পেয়ে আমি নিজেই বিকেলে ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে আহত তিন র‌্যাব সদস্য নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এম জি