গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অনিয়ম ও একটি তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র মাধ্যমে সাধারণ গ্রাহকদের জিম্মি করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট সাধারণ জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে রেখেছে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে নিয়মবহির্ভূতভাবে ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রতি মাসে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে বক্তারা দাবি করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, এই চক্রটি শুধু অতিরিক্ত অর্থ আদায়ই করছে না, বরং জাল স্ট্যাম্প ব্যবহার ও পে-অর্ডার জালিয়াতির মতো গুরুতর অপরাধের সাথেও জড়িত। সরকারি নিয়মের তোয়াক্কা না করে সমিতির নামে অবৈধ চাঁদা আদায়ের ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে শহরের বিভিন্ন রুটে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
বক্তারা অবিলম্বে এই তথাকথিত অনির্বাচিত কমিটির কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন