দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৪:১৬ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে পড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বুধবার বিকেল ৩টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দুপুরের পর হঠাৎ দৌলতদিয়া ঘাট এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর বিকেল ৩টার দিকে শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকায় মোট তিনটি ফেরি নোঙর করা অবস্থায় রয়েছে।

এ বিষয়ে মো. সালাহউদ্দিন বলেন, ঝোড়ো বাতাসের কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

এম জি