ফেনী শহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি জিয়াউদ্দিন আহমেদ মিস্টার ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুলসহ কার্যকরী কমিটির সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রোমেন শর্মা এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। এছাড়াও ফেনী শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মনিরা হক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। সকল সদস্য মিলেমিশে কাজ করলে ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে। তিনি ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা এবং শহরের বাণিজ্যিক শৃঙ্খলা বজায় রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন