চট্টগ্রামের লোহাগাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম নামের এক মাদরাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবুল কাশেম চরম্বা জামিউল উলুম মাদরাসার সুপার ছিলেন। তিনি চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে মাওলানা আবুল কাশেমের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মাথায় আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।
হত্যার ঘটনার পরপরই জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন