ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিংও করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মোরসালিন নামে এক প্রতিবেশী কিশোরকে আটক করেছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন